চট্টগ্রামের আন্দরকিল্লার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রোগী ও চিকিৎসা সেবার সঙ্গে জড়িতদের ব্যবহারের জন্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুরোধে অ্যাম্বুল্যান্স উপহার দিয়েছে ‘সুফি মিজান ফাউন্ডেশন’।
শুক্রবার (১১ জুন) বিকেলে চট্টগ্রাম সিভিল সার্জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বীর সভাপতিত্বে এম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে। এ হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স সংকটের কারণে রোগীদের পরিবহনে সমস্যা হয়। তা ছাড়াও চিকিৎসাসেবার সঙ্গে যারা জড়িত আছেন তাদেরও অনেক সময় গভীর রাতে কর্তব্য শেষ করে বাসায় ফিরতে পরিবহন সমস্যায় ভুগতে হয় তা জানতে পেরে পিএইচপি গ্রুপকে অ্যাম্বুলেন্স প্রদানের জন্য অনুরোধ জানালে তারা সম্মত হন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, পিএইচপি অটো মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. আকতার পারভেজ হিরু। বক্তব্য দেন সিনিয়র কনসালটেন্ট ডা. অজয় দাশ। উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর জহর লাল হাজারী, নুরুল আলম মিয়া প্রমুখ।