কেরানীহাটে ৪২শ’ পিস ইয়াবা নিয়ে ধরা তিন মাদক ব্যবসায়ী

সাতকানিয়ায় একটি প্রাইভেট কারের পেছনের সিটে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪ হাজার ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়। উদ্ধার ইয়াবার বাজারমূল্য সাড়ে ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আঁধার মানিক দরগাহ এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন— কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালীর ২নং ওয়ার্ড বালুখালী এলাকার মাহমুদুল হকের ছেলে তানিমুল হক (২১), একই এলাকার হাজী ইলিয়াসের ছেলে কামরুল ইসলাম ইকবাল (৪০) ও চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার মৃত আবু তাহেরের ছেলে তানভীর শামস (২৪)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কের আঁধার মানিক দরগাহ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এসব ইয়াবাসহ তাদের তিন মাদক কারিবারিকে গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তরকৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.