চন্দনাইশে দোহাজারী ভূমি অফিসের নালাটি কার স্বার্থে?

 

চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ভূমি অফিসের পূর্ব সীমান্তে ৮৫ ফুট নালা দিয়ে পানি চলাচল করে না। নালাটি কার স্বার্থে নির্মাণ করা হয়েছে এলাকাবাসীর প্রশ্ন। সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েক লক্ষ টাকা ব্যয়ে দোহাজারী ভূমি অফিসের পূর্ব সীমানার দেয়াল ঘেঁষে ৮৫ ফুট নালা নির্মাণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে এই নালাটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে নালা দিয়ে কোন ধরণের পানি প্রবাহিত না হওয়ায় নালাটি কার স্বার্থে নির্মাণ করা হয়েছে এই প্রশ্ন এলাকাবাসীর। নালাটির ২ পাশে পানি চলাচল ও সরবরাহের কোন ব্যবস্থা দেখা যায়নি। শুধুমাত্র সরকারি অর্থ নয়-ছয় করতে এই প্রকল্প দেয়া হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। স্হানীভাবে জানা যায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জহিরুল ইসলাম ও দোহাজারী পৌরসভা উপ-সহকারি প্রকৌশলী জমির উদ্দীন এ প্রকল্প বাস্তবায়ন করেছেন। অথচ প্রকল্পটি দোহাজারী ভূমি অফিসের হলেও তাদের কাউকে এ প্রকল্পে সম্পৃক্ত করা হয়নি। একইভাবে মোটা অংকের টাকার বিনিময়ে দোহাজারী পৌরসভার পরিত্যাক্ত একটি বাথরুমে টাইলস স্থাপন করা হয়েছে পুরাতন আস্তরণের উপর। এ ব্যাপারে দোহাজারী পৌরসভা উপ-সহকারি প্রকৌশলী জমির উদ্দীন বলেছেন, কাজগুলি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের। তিনি কাজ তদারকি করেছেন মাত্র, বরাদ্দের ব্যাপারে কিছুই জানেন না। এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জহিরুল ইসলামের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.