চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় আবারও মেয়র পদে নির্বাচিত হলেন আলমগীর চৌধুরী। চকরিয়া পৌরসভার নির্বাচনে বেসরকারীভাবে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনিত বর্তমান মেয়র আলমগীর চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ছিলেন জিয়াবুল হক।
সোমবার অনুষ্ঠিত ভোটে নৌকা প্রতিকে মেয়র আলমগীর চৌধুরীর প্রাপ্ত ভোট ২১৪৬৬, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতিকের প্রার্থী জিয়াবুল হক পেয়েছেন ১০২২০ ভোট।
আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আলমগীর চৌধুরী বলেন, পৌর নির্বাচনে জনগণ সুস্থ ভাবে ভোট প্রদান করেছেন এবং নির্বাচন সুষ্ঠ হয়েছে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী জিয়াবুল হক দাবি করেন কারচুপির মাধ্যমে নির্বাচনে তাকে হারিয়ে দেয়া হয়েছে।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরিজ বলেন, নির্বাচনে ১৮টি ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোন ধরণের সহিংসতার ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন- ১নং ওয়ার্ডে নুরুচ শফি, ২নং ওয়ার্ডে সাইফুল ইসলাম, ৩নং ওয়ার্ডে হানিফ ইসলাম, ৪নং ওয়ার্ডে জাফর আলম কালু, ৫ নং ওয়ার্ডে ফোরকানুল ইসলাম তিতু, ৬ নং ওয়ার্ডে আব্দু সালাম, ৭ নং ওয়ার্ডে নুরুল আমিন, ৮ নং ওয়ার্ডে মুজিবুল হক ও ৯নং ওয়ার্ডে বেলাল উদ্দিন। অপরদিকে মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রাশেদা বেগম, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে ফারহানা ইয়াছমিন ফোরকান এবং ৭,৮ ও ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আনজুমান আরা বেগম।