নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রিকশাচালক মোহাম্মদ শাকিল হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার ও ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- মোহাম্মদ ইরফান (২১) ও মোহাম্মদ মোহসিন (১৭)।
পুলিশ জানায়, গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে রিকশা ছিনিয়ে নিয়ে চালক শাকিলকে হত্যা করে ছিনতাইকারীরা। পরদিন শনিবার উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে ধানক্ষেত থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত রিকশাচালকের বাবা বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সংবাদকে জানিয়েছেন, রোববার গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।