চট্টগ্রামের সকল চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। আর সকল চিকিৎসককে হাসপাতালে যোগ দিতে নির্দেশ দিয়েছে চট্টগ্রামের জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে নির্দেশ দেয়া হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনার কারণে এমন নির্দেশ দেয়া হয়েছে। এর পাশাপাশি স্থানীয় বেসরকারি হাসপাতালেও দগ্ধদের চিকিৎসা সেবা দিতে বলেছে সিভিল সার্জনের কার্যালয়।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। ইতোমধ্যে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ৯জন কর্মী আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যমুনা টেলিভিশনকে জানানো হয়, পানির উৎসের অভাবে ধীরগতিতে তাদের কাজ করতে হচ্ছে। ঘটনাস্থলে সহযোগিতা করার জন্য আশপাশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
বিএম কনটেইনার ডিপোতে আমদানি ও রফতানির বিভিন্ন মালামালবাহী ৫০ হাজার কনটেইনার আছে বলে জানা গেছে। তাতে রাসায়নিক দ্রব্যের কনটেইনারও রয়েছে। কিছুক্ষণ পরপর বিস্ফোরণের ঘটনা ঘটছে।