নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আনোয়ারায় ধানি জমি থেকে বিরল প্রজাতির একটি মেছো বাঘ উদ্ধার করেছে স্থানীয়রা।
আজ বুধবার দুপুরে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আল আমিন একাডেমি সংলগ্ন ধানের মাঠ থেকে স্থানীয় যুবক মোজাম্মেল, পরিমল ও ফরসালের সহায়তায় মেছো বাঘটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
জানা গেছে বাঘটি চিড়িয়াখানায় হস্তাস্থরের প্রক্রিয়াধীন ।
স্থানীয় বোয়ালিয়া গ্রামের বাসিন্দা মিয়া মোহাম্মদ আবদুল করিম জানান, আজ দুপুরে বোয়ালিয়া গ্রামে আল আমিন একাডেমি সংলগ্ন ধানের মাঠে একটি বিরল প্রজাতির মেছো বাঘ দেখতে পেলে মোজাম্মেল, পরিমল ও ফরসাল কৌশলে বাঘটি আটক করে। পরে স্থানীয় চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্কে বিষয়টি জানানো হয়।
স্থানীয় বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্ জানান, বোয়ালিয়া এলাকায় একটি বিরল প্রজাতির মেছো বাঘ অক্ষত অবস্থায় উদ্ধার করে। বর্তমানে বাঘটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্থান্তর প্রক্রিয়া চলছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ দেলোয়ার জানায়, আনোয়ারার দেয়াঙ পাহাড় ও সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন ইউনিয়নের ঝোঁপঝাড়ে বন্যপ্রাণী শিয়াল, মেছো বাঘ, বন বিড়ালসহ নানান প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়। এ গুলো বিভিন্ন সময়ে খাবারের খুঁজে লোকালয়ে নেমে আসলে স্থানীয়দের হাতে ধরা পড়ে।