কর্ণেল অলির দূর্গ তছনছ করে মন্ত্রী সভার দাবিদার চন্দনাইশের জসিম
তার বিজয়ে ভেস্তে গেল অলির রাষ্ট্রপতির স্বপ্ন -
সৈয়দ আককাস উদদীন, চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন জয়ী হয়েছেন। মাত্র ১ হাজার ২৬ ভোটে ১১ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ছাতা প্রতীকের প্রার্থী ওমর ফারুককে হারিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে চন্দনাইশের সহকারী রিটার্নিং কর্মকর্তা বেসরকারি ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময় বিজয়ী জসিম উদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, জসিম উদ্দিন পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩ ভোট। ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট।
উপজেলা চেয়ারম্যান ও ব্যবসায়ী জসিম উদ্দিনকে বিএনপি দলে টেনে মনোনয়ন দেয়। তার প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক বিএনপিত্যাগী এলডিপির সভাপতি অলি আহমদের ছেলে।
একাধিকবার নির্বাচিত হওয়ার কারণে চট্টগ্রাম-১৪ অলি আহমদের নিজস্ব আসন হিসেবে পরিচিত ছিল। বিএনপির সঙ্গে বনিবনা না হওয়ায় অলি এবার তার দল নিয়ে জামায়াতের সঙ্গে ১১ দলীয় জোট করেন।
চট্টগ্রাম-১৪ আসনে মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৫১৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৮৪৭, নারী ১ লাখ ৪৭ হাজার ৬৬৫ ও তৃতীয় লিঙ্গের ১ জন। মোট ভোটকেন্দ্র ১০০টি। প্রার্থী ছিলেন ৮ জন।