ডেস্ক রিপোর্ট
বান্দরবানের লামা উপজেলায় ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক পিয়নকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শহরের নদীরঘাট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. জাহাঙ্গীর আলম (২৮)। তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরছনপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে এবং লামা উপজেলা শাখায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে পিয়ন পদে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী এক শিশুর অভিভাবক অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান কামাল বলেন, অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে