লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম
লোহাগাড়ায় কাভার্ডভ্যান ও নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় রক্তাক্ত হয়েছেন ৪ জন।
বুধবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক সোয়া দুইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি বনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. ওবায়েদ উল্যাহ (১৬)। সে কক্সবাজার ঈদগাঁও উপজেলার ঈদগড় এলাকার সামছুল আলমের ছেলে। আহতরা মধ্যে রয়েছেন নিহত ওবায়েদ উল্যাহর মা ইয়াসমিন আক্তার (৪০), বোন ফাহিমা আক্তার (২০), ফাহিমার স্বামী ইয়াছির আরাফাত (৩৫) ও চাচাতো ভাই ইয়াছির আরাফাত (২৫)। গুরুতর আহত অবস্থায় তাদের লোহাগাড়া উপজেলার স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ওবায়েদ উল্যাহর মা ইয়াসমিন আক্তার পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে বুধবার দেশে ফেরেন। সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নোহা গাড়িতে করে তারা কক্সবাজারের ঈদগাঁও এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় পৌঁছালে চট্টগ্রাম অভিমুখী কাভার্ডভ্যানের সঙ্গে নোহাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী সোহেল জানান, কক্সবাজারমুখী নোহা এবং চট্টগ্রামমুখী মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নোহা গাড়িটি সড়ক থেকে বিলে পড়ে যায়। এ সময় এক কিশোরের নাক-মুখ দিয়ে প্রচণ্ড রক্তপাত হচ্ছিল।
যোগাযোগ করা হলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।