নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটার বিরুদ্ধে এক বিশাল যৌথ অভিযান পরিচালিত হয়েছে। আজ আলীকদমের দুর্গম ব্যাঙক ঝিরি এলাকায় উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশের সমন্বয়ে এই অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বন বিভাগের তৈন রেঞ্জ কর্মকর্তা এবং আলীকদম থানা পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। পাহাড়ের অত্যন্ত দুর্গম ও গহীন চারটি পাড়া— পামিয়া পাড়া, তুংতুই পাড়া, নামসাক পাড়া এবং খাকই পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়,এবং করাতকলেও পরিচালিত হয় এই অভিযান, বিকল করা হয় এস্কেভেটরও।
দীর্ঘদিন ধরে একটি চক্র ব্যাঙক ঝিরি এলাকার গভীর জঙ্গল থেকে মূল্যবান বনজ সম্পদ ও প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছ অবৈধভাবে কেটে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল থেকেই ওই এলাকায় অভিযান শুরু করে যৌথ বাহিনী। দুর্গম পথ পাড়ি দিয়ে প্রতিটি পাড়া সংলগ্ন ঝিরি ও বনভূমি তল্লাশি করা হয়।
তৈন রেঞ্জ কর্মকর্তা খোন্দকার আরিফুল জানান, পাহাড়ি এলাকায় যাতায়াত কষ্টসাধ্য হওয়ায় অপরাধীরা প্রায়ই বনের গহীনে গাছ কেটে পাচারের জন্য মজুত করে। আজকের এই যৌথ অভিযানের ফলে বনদস্যুদের বড় ধরণের পাচার পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া সম্ভব হয়েছে।
গাছ পাচারের জন্য পাহাড় কেটে রাস্তা তৈরীর কাজে ব্যবহৃত এস্কেভেটর বিকল ও ২টি করাতকলেও চালানো হয়েছে অভিযান।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সংরক্ষিত বনাঞ্চল ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কোনো ধরণের ছাড় দেওয়া হবে না। এই চারটি পাড়া এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং অবৈধ গাছ কাটার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।