হুলিয়া, গ্রেপ্তার, কারাবাসের শঙ্কাও থামাতে পারছেনা নিষিদ্ধ ছাত্রলীগের দাপট

চট্টগ্রামে হচ্ছে একের পর এক মিছিল-

ডেস্ক রিপোর্ট 

মামলার হুলিয়া, গ্রেফতার, কারাবাসের শঙ্কা কোনকিছুতেই থামছে না নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। সময় যত এগুচ্ছে ততই রাজপথে নিজের অবস্থান জানান দিচ্ছে সংগঠনটি। হাতেগোনা নেতাকর্মীর ঝটিকা মিছিল ধীরে ধীরে শত শত নেতাকর্মীর মিছিলে রূপ নিচ্ছে। ঈদুল আযহার পর থেকে সংগঠনটি আরও তৎপর হয়ে উঠেছে। ছাত্রলীগের এমন তৎপরতায় আইনশৃঙ্খলা বাহিনীও চাপে রয়েছে বলা যায়।

এ ব্যাপারে নগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, ‘নিষিদ্ধ সংগঠনকে আর কোনো ছাড় দেওয়া হবে না। তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। মাঠপর্যায়ে পুলিশকে অ্যালার্ট করা হয়েছে। এখন থেকে তারা সবসময় সতর্ক থাকবে। নিষিদ্ধ সংগঠন যাতে কিছু করতে না পারে।’

আজ বুধবার সকালে নগরের কুয়াইশ-অক্সিজেন সড়কের অনন্যা আবাসিক এলাকায় অনুষ্ঠিত ছাত্রলীগ নেতাকর্মীদের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি অক্সিজেন-হাটহাজারী সড়কের কুয়াইশ অংশ থেকে অনন্যা আবাসিক এলাকার দিকে এগিয়ে আসছে। একপর্যায়ে এভারকেয়ার হাসপাতালের সামনের সড়কে এসে মিছিলকারীরা জড়ো হন। এরপর স্লোগান দিতে থাকেন।

এ ব্যাপারে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, ‘মিছিলের কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি।’

গত সোমবার সকালে পাঁচলাইশ থানার সানমার ওশান সিটি শপিং কমপ্লেক্সের সামনে থেকে মিছিল বের হয় নগরীর ‘ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ/ছাত্র সংসদের’ ব্যানারে। মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

একই দিন আনোয়ারা উপজেলার পিএবি সড়কের চাতরী চৌমুহনী এলাকায়ও মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই মিছিলের ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

ঘটনার পর গতকাল মঙ্গলবার নগরের বিভিন্ন থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ৭০ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

তবে অন্তর্বর্তী সরকার কর্তৃক ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর থেকে এ পর্যন্ত চট্টগ্রাম নগর ও উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক মিছিল হয়েছে। এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অন্তর্বর্তী সরকার ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। ২০২৫ সালের ১২ মে আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম সাময়িক নিষিদ্ধ ঘোষণা করা হয়। বিএনপি ক্ষমতায় আসার পর অন্তর্বর্তী সরকারের এসব আদেশের আইনি বৈধতা দেওয়া হয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.