পেকুয়ায় অস্ত্র-গুলিসহ দুই জলদস্যুকে আটক করে পুলিশে দিলেন জনতা

 

মো. সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজারের পেকুয়ায় ২টি দেশীয় বন্দুক ও তাজা কার্তুজসহ দুই জলদস্যু কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত শুক্রবার (২৬ জুন) ভোর ৪টার দিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া গ্রামের বিছাখালী বাহিরের ঘোনা নামক জলমহাল এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিল এলাকার মৃত উলা মিয়ার ছেলে নেজাম (৩৭) এবং চকরিয়া মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নের মাঝেরপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে উজানটিয়ার বিছাখালী এলাকার একটি জলমহালের পাশে সন্দেহভাজন কিছু লোক ইঞ্জিনচালিত নৌকা নিয়ে অবস্থান করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা চারদিক থেকে ঘেরাও করে ওই দুজনকে আটকে ফেলেন। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি এলজি (বন্দুক), ১৫টি শটগানের খালি খোসা এবং ২টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়।

খবর পেয়ে পেকুয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশ অস্ত্র, কার্তুজ ও তাদের ব্যবহৃত ইঞ্জিনচালিত ছোট নৌকাটি জব্দ করে এবং আটক করাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। গণধোলাইয়ে আহত হওয়ায় পুলিশ তাদের চিকিৎসার জন্য পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.