গভীর রাতে নার্সকে হেনস্তাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন
অপরদিকে সাতকানিয়া কেরানীহাটের আল হায়াত হাসপাতালের নার্সদের যৌন হয়রানির কারণে হচ্ছে মামলা-
চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা থেকে, নাজিম উদ্দীন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক নার্সকে গভীর রাতে হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন হাসপাতালের নার্সিং কর্মকর্তারা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নার্সকে নিয়ে মিথ্যা ও মানহানিকর প্রচারণারও তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে হাসপাতালের বিভিন্ন বিভাগের নার্সিং কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন কর্তব্যরত নার্সের সঙ্গে গভীর রাতে ঘটে যাওয়া হেনস্তার ঘটনা শুধু একজন স্বাস্থ্যকর্মীর ওপর হামলা নয়, এটি পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থার নিরাপত্তার ওপর আঘাত। এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে এবং রোগীদের সেবাদানও ব্যাহত হতে পারে।
বক্তারা আরও বলেন, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা দিন-রাত সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। তাই কর্মস্থলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোহিদুল আলম বলেন, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান সম্ভব নয়। গভীর রাতে মহিলা ওয়ার্ডে বহিরাগতদের প্রবেশ করে কর্তব্যরত নার্সকে হেনস্তার ঘটনা অত্যন্ত দুঃখজনক।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হাসপাতালের নার্সিং সুপারভাইজার কৃষ্ণা প্রভা দেবী, সিনিয়র স্টাফ নার্স মায়া রানী মজুমদার, এসএসএন সুমিনা মমতাজ, শাহনাজ পারভীন, পারভীন আক্তার, কাকলী রানী, রুমুর আক্তার, রাবেয়া মমতাজ, পুষ্পী দেবী, মাহফুজা বেগম, নাজনীন আক্তার, নাসরিন আক্তার, ফারজানা আক্তার, পাপড়ি দাশ, অপর্ণা দাশ, তভী পাল, উম্মে কুলসুম শেলীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য নার্সিং কর্মকর্তারা।
মানববন্ধন শেষে বক্তারা স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।