কক্সবাজার প্রতিনিধি :
টানা বর্ষণ ও অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুর্গত মানুষের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিট।
১০ জুলাই শুক্রবার মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার নাসরিন আক্তার এবং কক্সবাজার জেলা ইউনিট ও পেকুয়া উপজেলা টিমের যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।
কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী জানায়, টানা ভারি বৃষ্টিতে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অনেক পরিবার মানবিক সংকটে পড়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শুরু থেকেই মাঠে কাজ করছে। পেকুয়ার বিভিন্ন এলাকায় জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, টানা ভারি বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারি সহায়তার পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এমন মানবিক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। দুর্যোগ মোকাবিলায় সবার সমন্বিত প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলা প্রশাসনও সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে।
ইউনিটের ইউনিট লেভেল অফিসার নাসরিন আক্তার বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মূল লক্ষ্য। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি অন্যান্য মানবিক সহায়তাও পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে। আমাদের প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকেরা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মানবিক দায়িত্ববোধ থেকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিট ধারাবাহিকভাবে জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সংশ্লিষ্টরা জানান, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন বিবেচনায় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।