সংবাদ সম্মেলনে সলিমুল্লাহর বক্তব্যকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি
চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশে উপজেলার পশ্চিম এলাহাবাদ মৌজার একটি ভূমি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ সলিমুল্লাহর দেওয়া বক্তব্য ও সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন নুরুল হাকিম। বুধবার (২সেপ্টেম্বর) বিকালে স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সলিমুল্লাহর বক্তব্যকে ‘মিথ্যা,ভিত্তিহীন,উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর’ বলে দাবি করে লিখিত বক্তব্য দেন নুরুল হাকিম। লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ১ সেপ্টেম্বর মোহাম্মদ সলিমুল্লাহ একটি সংবাদ সম্মেলন করেন,যার বক্তব্য তাদের দৃষ্টিগোচর হয়েছে। ওই সংবাদ সম্মেলনে ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, এসব অভিযোগের সঙ্গে প্রকৃত ঘটনার মিল নেই। প্রতিবাদ লিপিতে দাবি করা হয়,বিরোধপূর্ণ ভূমিটির পূর্ব মালিক ছিলেন সলিমুল্লাহর বাবা মরহুম ইউনুছ।তিনি জীবিত থাকাকালীন সময়ে সাব-রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ওই ভূমি তাদের কাছে বিক্রি করেন এবং দখলও হস্তান্তর করেন। বর্তমানে তারা ওই ভূমি ভোগদখলে রয়েছেন বলে দাবি করেন নুরুল হাকিম। এদিকে পশ্চিম এলাহাবাদ মৌজার ওই ভূমির নামজারি নিয়ে উপজেলা ভূমি অফিস ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ গ্রহণের যে অভিযোগ তোলা হয়েছে,তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে প্রতিবাদলিপিতে দাবি করা হয়। নুরুল হাকিম আরো বলেন,সংশ্লিষ্ট ভূমির নামজারি আইনগত প্রক্রিয়া ও প্রচলিত নিয়ম অনুসরণ করেই সম্পন্ন হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন উদ্দেশ্য প্রণোদিত সংবাদ ও বক্তব্যের মাধ্যমে সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। এধরনের অপপ্রচারের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে সাংবাদিকদের প্রতি প্রকৃত তথ্য অনুসন্ধান করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবাদ প্রকাশের আহ্বান জানান নুরুল হাকিম। এসময় তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।