চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেল বাস, ২০ যাত্রী আহত

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ অংশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাগিচাহাট বাঁকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি চলন্ত বাস উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই স্থানে মোড় নেওয়ার সময় চালক হুট করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের মাঝখানেই উল্টে পড়ে। এতে বাসে থাকা যাত্রীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই কম-বেশি আহত হন।

উল্টে যাওয়া বাসটিতে অর্ধ শতাধিক যাত্রী ছিল এবং ২০ থেকে ২৫ জন যাত্রী গুরুতর আহত আহত হয় বলে জানান স্থানীয়রা। দুর্ঘটনার সময় বাসে থাকা অধিকাংশ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিল।

জানা যায়, সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে রাতে কক্সবাজার যাচ্ছিল। এসময় বাসটি ভোর সাড়ে ৪টার সময় চন্দনাইশের বাগিচাহাট বাঁকে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি সড়কের মধ্যেই উল্টে যায় এবং বাসে থাকা সব যাত্রী কম-বেশি আহত হয়। এরমধ্যে ২০ থেকে ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হসপিটালে পাঠায়। তবে আহতদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠে।

“ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস বাগিচাহাট বাঁকে উল্টে গিয়ে ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার জানান, আহতদের নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি। বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।”

তিনি জানান, বাসের চালক ঘুমিয়ে পড়ার কারণে সম্ভবত এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.