আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ১২ নম্বর ঘাটে যাত্রীবাহী কাটের নৌকা ডুবে মারা গেছেন সৈকত বড়ূয়া (২৮) নামে এ ব্যাক্তির। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে বোট ক্লাবের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সৈকত কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দক্ষিণ শাহমীরপুর এলাকার প্রশান্ত বড়ুয়ার ছেলে। নৌকা করে সকালে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। পতেঙ্গা বোট ক্লাবের পাশের একটি ঘাট থেকে কর্ণফুলী নদীতে যাত্রা পারাপার করত কাঠের তৈরি ইঞ্জিন চালিত নৌকাটি। ১২-১৫ জন যাত্রী তোলা হতো নৌকায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন তালুকদার জানান, কর্ণফুলীর ১২ নম্বর ঘাটে নৌকাডুবির ঘটনায় সৈকত বড়ুয়া নামে এক ব্যক্তিকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও মো. সালাউদ্দিন (২৫) ও মোহাম্মদ ইব্রাহিম (৪০) নামে দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালের ১৩নং ওয়ার্ডে ভর্তি আছেন।
কোস্ট গার্ডের স্টাফ অফিসার লে. কমান্ডার হাবিবুর রহমান জানান, কর্ণফুলী নদীর ওয়াটার বাস টার্মিনাল এলাকায় পণ্যবাহী নৌযান ডুবে যাওয়ায় সেখানে উদ্ধার অভিযানে থাকা টিমটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেছে। এরপর আরেকটি টিম পাঠানো হয়েছে। নৌবাহিনীর টিমও আসছে। তিনি আরো জানান, ডুবে যাওয়া নৌকাটি ভেসে উঠেছে। যাত্রীদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।
সম্পাদনা: আই এইচ