‘হে নতুন প্রজন্ম তৈরি হও, তোমরাই আগামীর বাংলাদেশ। ’ জয় বাংলা স্লোগানে বিজয় শিখা জ্বালিয়ে এভাবেই তরুণদের আহ্বান জানালেন ‘অপারেশন জ্যাকপট’র অধিনায়ক কমোডর এ ডব্লিউ চৌধুরী বীরউত্তম ও বীরবিক্রম।
শুক্রবার (১০ ডিসেম্বর) এমএ আজিজ স্টেডিয়ামের প্রধান ফটকের গোলচত্বরে বিজয় শিখা জ্বালানোর সময় উপস্থিত ছিলেন একাত্তরের অগ্নিক্ষরা মার্চে গঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রধান নূর মোহাম্মদ চৌধুরী ও উপ-প্রধান শাহ বদিউল আলম। তাঁরা বিজয়মেলার প্রতিষ্ঠাতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন ও বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর ছেলে কাজী রাজেশ ইমরানের হাতে বিজয় শলাকা হস্তান্তর করেন। তারা তা বিজয় শিখার টাওয়ারে ছোঁয়ানো মাত্রই বিজয় শিখা জ্বলে ওঠে দাউ দাউ করে।
সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে অতিথি ও বিজয়মেলা পরিষদের কর্মকর্তারা জাতীয় সঙ্গীতের সুরে সুরে জাতীয় ও মুক্তিযুদ্ধের বিজয়মেলার পতাকা উত্তোলন করেন। এরপর বিজয়মঞ্চে শুরু হয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম নগর শাখার উদ্দীপনামূলক সাংস্কৃতিক পরিবেশনা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান।
প্রধান অতিথির বক্তব্যে কমোডর এ ডব্লিউ চৌধুরী বলেন, পৃথিবীর মুক্তিযুদ্ধ ও মুক্তিসংগ্রামের ইতিহাসে এত ত্যাগ, এত রক্তাঞ্জলি আর কোথাও নেই। এমনকি একটি ঘাতক অপশক্তি যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, যাদের কোনো সভ্যতা মর্যাদা ও সুস্থতা নেই। বর্বরতা, বিকৃতি, পাশবিক দস্যুতা তাদের রক্তের প্রতিটি কণায় মিশে গিয়েছিল বলেই আমরা মধ্যযুগীয় অন্ধকারে ডুবে গিয়েছিলাম এ থেকে ত্রাণ পেতে নিরস্ত্র বাঙালি সশস্ত্র হয়েছিলেন এবং হানাদারদের আত্মসমর্পণে বাধ্য করে বিজয় ছিনিয়ে এনেছিলেন।
তিনি বলেন, পৃথিবীতে যুদ্ধ হয় মিলিটারি বনাম মিলিটারি, বাংলাদেশে যুদ্ধ হয়েছিল মিলিটারি বনাম সিভিলিয়ান। পৃথিবীতে কোনো যুদ্ধে ইউনিফর্মধারী মিলিটারি সিভিলিয়ানদের কাছে আত্মসমর্পণের নজির নেই। ১৯৭১ সালের ষোলই ডিসেম্বর পাকিস্তানি মিলিটারি ফোর্স মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেও তারা ছিলেন সিভিলিয়ান রিপ্রেজেন্টেটিভ। সবচেয়ে বড় কথা একটি সশস্ত্র সামরিক বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র বাঙালি যুদ্ধ করতে করতেই সশস্ত্র হয়ে ওঠে এবং তাদের কাছে হানাদার বাহিনীর আনুষ্ঠানিক পরাজয় স্বীকার করাটা ইতিহাসেরই একমাত্র দুর্লভদৃষ্টান্ত।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান রাশেদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুলের সঞ্চালনায় সভায় প্রথমে করোনাকালে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শোক প্রস্তাব পাঠ করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইঊনুছ।
বক্তব্য দেন বিশেষ অতিথি নূর মোহাম্মদ চৌধুরী, নৌ কমান্ডো যুক্তরাষ্ট্র প্রবাসী আবু তাহের, নূরুন্নবী ও কামাল উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র।
সন্ধ্যায় বিজয় মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন খ্যাতিমান লোক ও গণশিল্পী ফকির সাহাবউদ্দিন।