শ্রীলঙ্কার আক্রমণাত্মক ব্যাটিংয়ের পর তাইজুলে স্বস্তি

চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা চলছে। লঙ্কানরা এদিন শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং চালায়। একপাশে করুনারত্নে সাবধানী খেললেও অপর প্রান্তে কুশল মেন্ডিস ছিলেন ওয়ানডে মেজাজে। যার কারণে আগের দিন বাংলাদেশের দেওয়া ৬৮ রানের লিড টপকে গেছে শুরুতেই ।

শেষ বিকেলে ৩৯ রান তুলতেই ২ উইকেট হারানো শ্রীলঙ্কার সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ৩ উইকেটে ১০৬ রান। তবে অবশেষে ৪৮ রান করা কুশল মেন্ডিসকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু উপহার দিলেন আবারও তাইজুল । কুশলের বিদায়ে স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। কুশল মেন্ডিস স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে ৪৩ বলে ৪৮ রান করে বোল্ড হয়ে যান। অধিনায়ক দিমুথ করুনারত্নে। ১১৩ বলে ৪২ রানে অপরাজিত আছেন তিনি।

বাংলাদেশের দেওয়া ৬৮ রানের লিড পেরিয়ে যেতে শ্রীলঙ্কার আজ লেগেছে মোটে পাঁচ ওভার। বুধবারের ২ উইকেটে ৩৯ রানের সঙ্গে আজ মাত্র ৫ ওভারেই ৩০ রান তুলে বাংলাদেশের লিড পেরিয়ে যায় সফরকারীরা।

এদিকে গতকাল ১৩৯তম ওভারের আগে হুট করে মাঠ ছেড়ে যাওয়া আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্রো আজ মাঠে ফিরেছেন আবার। প্রচণ্ড গরমে অস্বস্তি অনুভব করায় গতকাল মাঠ ছেড়ে যান ক্যাটেলব্রো। তার জায়গায় ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে আসেন তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন। তবে আজ সকালে শুরু থেকেই মাঠে ফিরেছেন ক্যাটেলব্রো।

বুধবার চতুর্থ দিনের খেলায় বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪৬৫ রান। হাতের আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়া শরিফুল আর নামতে না পারায় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তামিম ইকবালের পর সেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম। ২৮২ বলে ১০৫ রান করেন তিনি। আগের দিনের ১৩৩ রান নিয়ে আবার মাঠে নেমে তামিম আউট হয়ে যান মোকাবিলা করা প্রথম বলেই। এ ছাড়া লিটন দাস করেন ৮৮ রান। শ্রীলঙ্কার পক্ষে কাসুন রাজিথা ৪টি ও আশিথা ফার্নান্ডো ৩টি উইকেট নেন।

মন্তব্য করুন

Your email address will not be published.