চট্টগ্রামে হাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইলে কর্মরত ১২৪ কর্মকর্তার নয় মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
বুধবার (২৫ মে) সকালে নগরের লাভলেইন এলাকায় হাবিব গ্রুপ টাওয়ারের সামনে অবস্থান নিয়েছেন তারা।
বিক্ষুব্ধ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রিজেন্ট টেক্সটাইল কর্তৃপক্ষ সর্বশেষ গত বছরের আগস্ট পর্যন্ত কর্মকর্তাদের বেতন পরিশোধ করে এরপর আর কোন বেতন পরিশোধ করা হয়নি। এমনকি বেতন না দিয়ে দু দফায় কারখানা লে আউটও ঘোষণা করে প্রতিষ্ঠানটি। তিন মাস পরে ঈদের দুদিন আগে বেতন দিলেও কোন বোনাস পাননি বলে জানান কর্মকর্তারা। পাশাপাশি মালিকপক্ষ এর আগেও নয় মাসের বেতন পরিশোধ করার বিষয়ে কথা দিয়েছেন। অথচ বেতন পরিশোধ না করে নানা ধরনের টালবাহানা করছেন। বেতন না পেয়ে মানবেতর জীবযাপন করতে হচ্ছে বলে জানান বিক্ষুব্ধ কর্মকর্তারা।
রিজেন্ট টেক্সটাইলে ইলেকট্রিক বিভাগের ডেপুটি ম্যানেজার মো. আসাদুজ্জামান বলেন, কারখানার উৎপাদন থেকে শুরু করে সবকিছুই ঠিক ছিল। তবুও আমাদের বেতনটা আটকে রেখেছে। পাঁচ-ছয় বছর ধরে কোন ধরনের ইনক্রিমেন্ট নাই। অথচ এমন কিছু কর্মকর্তা আছেন যারা ১২, ১৪ এমনকি ২০ বছর ধরে চাকরি করছেন। আমরা কিছু বলি নাই। গত বছরের সেপ্টেম্বর থেকে চার মাস, এ বছরের পাঁচ মাস মোট নয় মাসের বেতন আমরা পাইনি। এখন আমাদের দাবি, আমাদের বেতনটা দিয়ে দিক। আমরা সার্ভিস চার্জটাও দাবি করছি না। ফ্যাক্টরি চালালে চালাবে, না চালালে মালিকপক্ষ বন্ধ করে দিক। কোম্পানির সিএফও আসছিলেন, তিনি আমাদের কথা শুনে কোন সমাধান দিতে পারছেন না। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত আমরা হেড অফিসের ভেতরে কাউকে ঢুকতে দিব না। আমরা আইনানুগ ব্যবস্থা নিতে লেবার কোর্টসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি।