দেশের জননন্দিত উপস্থাপক, পরিচালক, লেখক ও নাট্যকার হানিফ সংকেত সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে কে বা কারা গুজব ছড়িয়েছে।
মঙ্গলবার (২৪ মে) রাতে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ ও ব্যক্তিগত আইডি থেকে দেশের বিশিষ্ট এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের মৃত্যুর ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। এমন গুজবে বিস্মিত হয়েছেন হানিফ সংকেত নিজেও।
বুধবার (২৫ মে) দুপুরে গণমাধ্যমকে হানিফ সংকেত জানান, এ ভুয়া তথ্য নিয়ে বলার ভাষা নেই। শুনেছি, টিকটকে প্রথমে গুজবটি ছড়ায়। তারপর সেটিকে সত্য মনে করে কোনো খোঁজখবর ছাড়াই দায়িত্বশীল অনেকেই আমার মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে লিখেছেন। সেখান থেকেই ভুয়া খবরটি ভাইরাল হয়েছে। এসব ঘটনা একজন মানুষ ও তার পরিবারকে দারুণভাবে আহত করে, বিব্রত করে। আমি সুস্থ আছি, ভালো আছি। তবে গুজব নিয়ে পেরেশানিতে আছি। বিষয়টি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিস্তারিত লিখবেন বলেও জানিয়েছেন হানিফ সংকেত।
শেষে গুজব থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন দেশ নন্দিত এ উপস্থাপক-নাট্যকার।
প্রসঙ্গত, বিটিভির জনপ্রিয় ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দর্শকদের নজরে আসেন হানিফ সংকেত। ১৯৮৯ সালে তিনি বিটিভিতে নিয়ে আসেন ‘ইত্যাদি’। যা এখনও ধারাবাহিকভাবে চলমান। প্রতি মাসেই অনুষ্ঠানটির নতুন পর্ব প্রচারিত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও দীর্ঘস্থায়ী ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।
এ ছাড়া গুণী এই ব্যক্তিত্ব ‘দুর্ঘটনা’, ‘আয় ফিরে তোর প্রাণের বারান্দায়’, ‘তোষামোদে খোশ আমোদে’, ‘বিপরীতে হিত’, ‘পুত্রদায়’, ‘কিংকর্তব্য’, ‘ভূত অদ্ভুত’, ‘শোধ বোধ’ ইত্যাদিসহ বহু নাটক নির্মাণ করেছেন।