এবার পদ্মা সেতুতে ট্রাক দুর্ঘটনায় আহত ৩

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে পেঁয়াজবাহী ট্রাক উল্টে তিনজন আহত হয়েছেন। সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে  দ্রুতগতিতে আসা একটি পেঁয়াজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি জাজিরা প্রান্ত থেকে পদ্মা সেতু পার হয়ে আসছিল। মাওয়া প্রান্তে নামার পথে সেতুর ঢালে হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ৩ জন আহত হন। এদিকে ট্রাক উল্টে গিয়ে যাওয়ায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় ছড়িয়ে পড়ে পেঁয়াজ। পরে সেনাবাহিনী উল্টে যাওয়া ট্রাকটি সরানোর কাজ শুরু করে।

ট্রাকে থাকা পেঁয়াজের মালিক সাহেদ জানান, ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলেন তিনি। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারালে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।

মন্তব্য করুন

Your email address will not be published.