‘রাজ-পরী’ দম্পতির ঘর আলো করে এসেছে নতুন চার অতিথি। ‘রাজ-পরীর’ নাম শুনে মনে হতে পারে হালের জনপ্রিয় নায়িকা পরীমনি ও শরীফুল রাজের কথা। ঘটনাচক্রে পরীমনিও সন্তান সম্ভাবা। কিন্তু চলচ্চিত্র জগতের এ জুটির ঘরে নতুন কোনো অতিথি আসেনি। এসেছে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজ-পরীর সংসারে।
২০১৬ সালের ৯ ডিসেম্বর ১১ মাস বয়সী রাজ এবং ৯ মাস বয়সী পরীকে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।
শনিবার (৩০ জুলাই) বিকেলে চিড়িয়াখানাতেই বাঘিনী পরী জন্ম দেয় চারটি বাঘ শাবকের। সবগুলো শাবকের রঙ সাদা। এর আগে এই দম্পতির ঘরে দেশে প্রথম বারের মত সাদা বাঘ ‘শুভ্রা’ জন্ম নেয়। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৬টিতে।
রবিবার (৩১ জুলাই) নতুন এ চার অতিথিদের খবর জানিয়েছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।
তিনি সিভয়েসকে বলেন, গতকাল বিকেলে বাঘ দম্পতির ঘরে জন্ম হয় চারটি বাঘ শাবকের। চারটিই সুস্থ আছে। এবারসহ এ দম্পতির সংসারে শাবকের সংখ্যা ১০।