বঙ্গোপসাগরে ৫দিন ধরে ভাসতে থাকা ১৯ জেলে উদ্ধার 

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ৫ দিন ধরে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে চট্টগ্রাম কোস্টগার্ড পূর্বজোন।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকাল ৩টায় কুতুবদিয়া থেকে জেলেদের উদ্ধার করা হয়েছে বলে জানান কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি বলেন, গত ২৫ আগস্ট ‘এমভি কমলা’ নামের ফিশিং ট্রলার চট্টগ্রামের কালুরঘাট এলাকা থেকে ১৯ জেলে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যায়। পরে ২৭ আগস্ট থেকে জেলেদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। মঙ্গলবার বেলা ১টার দিকে বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জাতীয় হেল্পলাইন ৯৯৯ এর মাধ্যমে কোস্ট গার্ড পূর্ব জোনকে জানায় জেলেরা। পরে কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদ ওই এলাকায় তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।

ফিশিং বোটের মালিকের সাথে যোগাযোগ করে বোট এবং জেলেদের পতেঙ্গা ১৫ নম্বর ঘাটের কাছাকাছি নিরাপদ স্থানে মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.