চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের খুলশী থানার ঝাউতলা বিহারী কলোনীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আদালত আসামিকে আরও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসীম উদ্দিনের আদালত এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ হোসেন (৪২), কুমিল্লা জেলার চান্দিনা থানার নুরপুর দুলাল চেয়ারম্যান বাড়ির নজরুল ইসলামের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ৭ আগস্ট পারিবারিক কলহের জেরে স্বামী মোহাম্মদ হোসেন স্ত্রী আমেনা বেগমকে পিটিয়ে হত্যা করে। পরে মরদেহ ঘরে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় আমেনা বেগমের বড় বোন বুলু বেগম বাদি হয়ে খুলশী থানায় মামলা দায়ের করেন।

আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ বলেন, স্ত্রীকে হত্যার দায়ে মোহাম্মদ হোসেন নামে এক স্বামীকে যাবজ্জীবন ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মন্তব্য করুন

Your email address will not be published.