রাঙ্গুনিয়ায় ছুরিকাঘাতে দুই ভাইকে খুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রতিপক্ষের ছুরিঘাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। তাদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন চারজন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জহির আহাম্মদের ছেলে জালাল উদ্দিন (২৮) এবং তার ছোট ভাই কামাল হোসেন (২৫)। আহত হয়েছেন তাদের প্রতিবেশী মো. ইদ্রিছ এবং তার তিন ছেলে মো. বাদশা, সালাউদ্দিন ও মো. রানা।

এ ঘটনায় ঘাতক পিতা-পুত্রকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তারা হলেন শফিকুল ইসলাম ও তার ছেলে খোরশেদ। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন শফিকুলের অপর দুই ছেলে মোরশেদ ও সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী দোকানদার নুরুল কবির জানান, শুক্রবার দুপুরের দিকে জালাল তার গরুকে খাস খাওয়ানোর জন্য মাঠে বেঁধে আসেন। কিছুক্ষণ পর গিয়ে দেখেন কেউ তার গরুর গলার দড়ি খুলে নিয়ে গেছেন। খুঁজতে গিয়ে খুঁটিসহ দড়িটি শফিকুলের হাতে দেখতে পান। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হলে শফিকুলের মাথায় আঘাত লেগে ফেটে যায়। এর জেরে বিকেলে জালালের ওপর হামলা চালান শফিকুলের তিন ছেলে খোরশেদ, মোরশেদ ও সাইফুল। এ সময় তাকে বাঁচাতে তার ভাই কামালসহ প্রতিবেশী ইদ্রিছ ও তার তিন সন্তান এগিয়ে আসেন। তখন প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান দুই ভাই জালাল ও কামাল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাহেরাতুল আশরাফী বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদেরও বুকের বাম পাশে জখম রয়েছে। এর মধ্যে ইদ্রিছের অবস্থা আশঙ্কাজনক।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে। জড়িত বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

মন্তব্য করুন

Your email address will not be published.