অনুমোদনহীন বিদেশি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনের ছয়টি ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযান পরিচালনা করেন। সঙ্গে ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মো. শাখাওয়াত হোসেন আকন্দ।
অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনহীন বিদেশি ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ানস স্যাম্পল লেখা ওষুধ জব্দ করা হয়। সতর্কতামূলকভাবে ছয়টি ফার্মেসিতে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল বিনষ্ট করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। বিভিন্ন বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। ভেজাল, অনুমোদনহীন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ, প্রশাধনী, শিশুখাদ্যসহ সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ভবিষ্যতে আরও বড় অভিযান চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন সদ্য যোগদান করা জেলা প্রশাসক।