সাতকানিয়ার এঁওচিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে কাঁচাঘর পুড়ে সর্বস্ব হারিয়েছেন আবু কালাম নামে এক ব্যক্তি। শনিবার সকালে ঘটা এ অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র, ক্ষেতের ধানসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোনরকম দিনাতিপাত করা পরিবারটির প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত আবুল কালাম এঁওচিয়া ১ নম্বর ওয়ার্ড ছনখোলা সোলাইমান মেম্বারের বাড়ি এলাকার মৃত ফয়েজ আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল ১১টার দিকে হঠাৎ দাউ দাউ করে আবুল কালামের ঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
ক্ষতিগ্রস্ত আবুল কালামের বড় ভাই রমজান আলী বলেন, বাড়ির ভেতরের দিয়াশলাইয়ের কাঠিও বের করতে পারিনি। আত্বীয় স্বজনের সঙ্গে যোগাযোগের একমাত্র সম্বল ছোট মোবাইল ফোনও পুড়ে গেছে। ধানসহ সব মিলিয়ে প্রায় ২লাখ টাকার ক্ষতি হয়েছে। কেউ সাহায্য সহযোগিতা তো দূরের কথা দেখতে পর্যন্ত আসেনি। গরীব বলে ঘটনা তেমন জানাজানি হয়নি।
এদিকে অগ্নিকাণ্ডের একদিন পেরিয়ে গেলেও স্থানীয় প্রশাসন থেকে কোন সহযোগিতা পাননি ওই কৃষক। এখন পর্যন্ত পরিদর্শনেও আসেনি কোন কর্তাব্যক্তি। স্থানীয় চেয়ারম্যান আবু ছালেহ শান ঢাকায় থাকায় পরির্দশনে যেতে পারেন নি বলে জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার জন্য তিনি ঘটনা স্থানীয় প্রশাসনকে অবহিত করেছেন। পাশাপাশি তিনি ঢাকা থেকে ফিরলেই ক্ষতিগ্রস্ত পরিবারকে সাধ্যমত সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে জেলাতে পাঠাবো। কিছু ক্ষতিপূরণ দেয়ার চেষ্টা করা হবে। আর আমি নিজেই গিয়ে উপজেলা থেকেও কিছু সহযোগিতা করবো।