কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালিতে তান্ডব চালিয়েছে হেফাজত ইসলামের নেতাকর্মীরা। পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ কার্যালয়, ভাংচুর করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর, রাস্তার দু’পাশের দোকানপাট।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে হেফাজত ইসলামীর নেতাকর্মীরা মিছিল সহকারে এ তান্ডব চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
তিনি বলেন, ঢাকার অদূরে সোনারগাঁয়ের এক রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের ঘটনার পর তার অনুসারীরা মহেশখালিতে এ ঘটনা ঘটিয়েছে।
প্রথমে বড় মহেশখালি এলাকায় মিছিল বের করে হেফাজতকর্মীরা। মিছিলকারীরা কিছু এলাকায় ভাঙচুর চালায়। এরপর আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দেয়। তারপর চেয়ারম্যান শরীফ বাদশার অফিস, আরো কয়েক ইউনিয়নে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ঘর ভাংচুর করে। মিছিলকারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা।
এবিষয়ে মহেশখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।