প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব আবেদীন ও সংসদ সদস্য নদভীকে নিয়ে কটূক্তি: বডি বিল্ডার হারুনের ১০ বছরের জেল
প্রধানমন্ত্রী সাবেক সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোঃ জয়নুল আবেদীন, চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নাদভী সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী, লোহাগাড়া থানা ও উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা, অশ্লীল চরম মানহানিকর কুরুচিপূর্ণ পোস্ট স্ট্যাটাস ও বানোয়াট তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে বডি বিল্ডার হারুন কে ১০ বছরের কারাদন্ড দিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় সাইবার ট্রাইবুনাল আদালত। একই সঙ্গে তাকে ২০০০০ টাকার অর্থদন্ড, অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
সোমবার (১৬ জানুয়ারি) চট্রগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইবুনাল আদালতে বিচারক মোহাম্মদ জহিরুল কবির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় অপরাধ সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত হারুন প্রকাশ বডি বিল্ডার হারুন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের বাসিন্দা মৃত সিদ্দিকী আহমেদ এর ছেলে।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মেজবাহ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ২০১৭ সালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের মৃত সিদ্দিকী আহমেদ এর ছেলে হারুন প্রকাশ বডি বিল্ডার হারুন তার পরিচালিত ও নিয়ন্ত্রিত কতিপয় আইডি হতে ফেইসবুকে সাইবার অপরাধের অবতারণা করেন। বিচারিক আদালতে সর্বমোট ৮ জনের মধ্যে ১ জন সাক্ষী মৃত্যুবরণ করায় ৭ জন রাষ্ট্র পক্ষে সাক্ষ্য প্রদান করেন। আজকে বিজ্ঞ ট্রাইবুনাল আসামির বিরুদ্বে রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে নগরীর কোতোয়লি থানায় কতিপয় আইডি ও আসামিদের বিরুদ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন -২০০৬ সংশোধন/০৯ এর ৫৭ ধারায় অভিযোগ দায়ের করেন লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা ফজলে এলাহী আরজু। পরবর্তীতে এস আই ইমদাদ হোসেন চৌধুরী ঘটনার তদন্ত শেষে শুধুমাত্র হারুন ্ররশিদ প্রকাশ বডি বিল্ডার হারুনকে ইলেকট্রনিক বিন্যাসে মিথ্যা অশ্লীল মানহানিকর তথ্য প্রকাশে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। একইসঙ্গে ২০০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি বডি বিল্ডার হারুন আদালতে অনুপস্থিত ছিল।
এর আগে রাজধানীর মতিঝিল থানায় একটি প্রতারনার মামলায় ৪ বছরের সাজপ্রাপ্ত পলাতক আসামি এই বডি বিল্ডার হারুন। তার বিরুদ্ধে চট্টগ্রামের লোহাগাড়া, পটিয়া, সাতকানিয়া, কোতোয়ালি ও রাজধানীর মতিঝিল এবং কোতোয়লি থানায় মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে।
প্রতারণা, দাঙ্গাবাজ, ডাকাতি, অবৈধ অস্ত্রধারী, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আক্রমণ, বিভিন্ন জাল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাত, মাদকদ্রব্য কেনাবেচাসহ বিভিন্ন অপরাধের দায়ে বেশ কিছু মামলা তদন্তাধীন ও বিচারাধীন রয়েছে ঢাকা এবং চট্টগ্রাম আদালতে।
উল্লেখ্য, কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়, কখনো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বা দুর্নীতি দমন কমিশন (দুদক), কখনো বেসরকারি মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ’ কিংবা শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় মতো সরকারি দপ্তরের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে চট্টগ্রামের লোহাগাড়ার সর্দানপাড়ার যুবক হারুন অর রশিদ ওরফে বডিবিল্ডার্স হারুন। তার বিরুদ্বে পাওয়া গেছে অপরাধ ও প্রতারণার বেশকিছু লোমহর্ষক ঘটনা। একাধিক গোয়েন্দা সংস্থা ও পুলিশের তদন্তে তার ভয়াবহ প্রতারণার স্পর্শকাতর তথ্য উঠে এসেছে।