চট্টগ্রাম সংবাদ ডেস্ক» চট্টগ্রামের সাতকানিয়ায় শাকিল আহমেদ নামে এক যুবলীগ নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
শাকিল আহমেদ উপজেলা যুবলীগের সাবেক সদস্য।
যুবলীগ নেতা শাকিল আহমেদ বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ি এসেছি নির্মাণাধীন স্কুল ভবনের কাজ দেখাশোনার জন্য। শনিবার সকালে শহরে চলে যাওয়ার কথা। প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে পড়ি ১১টার দিকে। রাত সাড়ে ১২ টায় বিকট শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেলে পাশের রুমে মায়ের চিৎকার শুনতে পাই। ছুটে গিয়ে দেখি জানার কাঁচ ভাঙা। ঘটনার আকস্মিকতা বুঝে উঠতে না পেরে ভয়ে পেয়ে যাই। বিষয়টি সাথে সাথে সাতকানিয়া থানার ওসিকে ফোন করে জানাই। কিছুক্ষণ পর ঢেমশা তদন্ত কেন্দ্র থেকে পুলিশ এসে বাড়ির বাইরে থেকে গুলির খোসা উদ্ধার করে।
এলাকায় দীর্ঘদিন থেকে কিছু প্রভাবশলী বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি। এ ঘটনার পর নিরাপত্তাহীনতার শঙ্কার কথাও জানিয়েছেন তিনি।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছিল। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।