চট্টগ্রাম নগরের আকবরশাহ থানায় মাদকের মামলায় মাইক্রোবাসের চালক ও সহকারীর যাবজ্জীবন কারাদণ্ডের দিয়েছেন আদালত।
সোমবার (১৩ মার্চ) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কক্সবাজারের রামু থানার গর্জনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বড়বিল এলাকার মৃত সুরত আলমের ছেলে মাক্রোবাস চালক মো. সালাউদ্দিন ও ঈদগাঁও থানার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী চাকার দোকান নুরুল আলম মাঝি বাড়ির মৃত এস্তেফজুর রহমানের ছেলে মোহাম্মদ জসিম।
বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ আগস্ট নগরের আকবরশাহ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গ্লাসগো ইন্ডাস্ট্রির বিপরীতে খাজা মোটরস দোকানের পাশে রাস্তার ওপর একটি মাইক্রোবাস জব্দ করে র্যাব-৭। মাইক্রোবাস চালক মো. সালাউদ্দিন ও সহকারী মোহাম্মদ জসিমকে গ্রেফতার করা হয়। তাদের দেখানো মতে মাইক্রোবাসের ভিতরে পিছনের চাকার উভয় পাশের শক অবজারভারে বিশেষ কায়দায় রক্ষিত ১৬ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন র্যাব-৭ এর সিপিএসসি পুলিশ পরিদর্শক (শহর ও যান) মো.শহিদুল আলম বাদী হয়ে আকবরশাহ থানায় মামলা করেন। ২০২১ সালের ১৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ১২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। এই মামলায় ৬ জনের স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবু জাফর বলেন, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মাইক্রোবাসের চালক মো.সালাউদ্দীন ও হেলপার মোহাম্মদ জসিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি মো.সালাউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।