চট্টগ্রাম সংবাদ প্রতিবেদক: ১৯৭১ সালের ২৬ মার্চ বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটেছিল। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবময় দিন। ৫২ বছর আগে ১৯৭১ সালের ২৬ মার্চ আমাদের স্বাধীনতাযুদ্ধের সূচনা ঘটে দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর অতর্কিত আক্রমণের পটভূমিতে।
একাত্তরের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত হামলা চালালে ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। যে ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচারমাধ্যমে প্রচারিত হয়।
স্বাধীনতার ৫২ বছর পূর্তিতে ৫২ কিলোমিটার হাঁটলেন চট্টগ্রামের তরুণ সাইদুর রহমান সাকিব। রোববার (২৬ মার্চ) সকাল ৬টায় সাতকানিয়া থেকে যাত্রা শুরু করেন সাকিব। এরপর হেঁটে ৫২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা রেড ক্রিসেন্ট অফিসের সামনে এসে পৌঁছান।

চট্টগ্রাম সংবাদকে সাকিব বলেন, স্বাধীনতার ৫২ বছর পূর্তিতে রোজা রেখে ৫২ কিলোমিটার হাঁটা কষ্টের ছিল। তবুও আত্মবিশ্বাস নিয়ে সকাল ৬টায় সাতকানিয়া থেকে যাত্রা শুরু করি। দীর্ঘ পথ হেঁটে বিকাল ৪টায় আন্দরকিল্লা রেড ক্রিসেন্ট অফিসের সামনে পৌঁছায়।

তিনি জানান, চাইলেই সবকিছু সম্ভব, ইচ্ছে থাকলে উপায় হয়। ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে সকল কাজেই সফলতা অর্জন করা সম্ভব। অনেকেই বলেছিল পারবো না, তবে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস ছিল। আর শুরু করার পর একটু একটু পথ শেষ করতে রাখলাম মাঝ পথে ভয় পেয়েছিলাম এবং সকলের কাছে দোয়া চেয়েছিলাম যাতে রোজা না ভেঙ্গে শেষ করতে পারি। এরপর অনেকেই উৎসাহ দিয়েছে।

ছবি: ৬৪ জেলা সাইকেল ভ্রমণ