দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ উপজেলা লোহাগাড়ার বটতলী স্টেশনে লোহাগাড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে ১২ লক্ষ টাকা ব্যয়ে এ স্টেশনে স্থাপন করা হয়েছে উন্নতমানের হাই রেজ্যুলেশনের ক্লোজ সার্কিট ক্যামেরা।
ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের ফলে নজরদারির আওতায় থাকবে পুরো বটতলী স্টেশন, চিহ্নিত করা সম্ভব হবে
চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, নাশকতাসহ সকল ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত অপরাধীকে।
বুধবার (২০ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বটতলী স্টেশনের সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদু্ল ইসলাম, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদিন, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গলসহ অন্যান্যরা।
বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান বলেন, বটতলী স্টেশনের পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি নাইটগার্ড এর মাধ্যমে রাতে পাহারা দেওয়ার ব্যাবস্থা করি। এরপরও বিভিন্ন চুরি, ছিনতাই এবং নাশকতা মূলক কর্মকাণ্ড ঘটাচ্ছিল অপরাধীরা। সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হবে এবং অপরাধীরা চিহ্নিত হবে। সিসি ক্যামেরা স্থাপন করায় লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি।
লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদু্ল ইসলাম বলেন, অপরাধ নিয়ন্ত্রণে এবং অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য ক্লোজ সার্কিট ক্যামেরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এবং পরে সকল ধরনের নাশকতাকারীদের চিহ্নিত করার পাশাপাশি সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই ধরনের জনবান্ধব একটি প্রকল্প বাস্তবায়ন করার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল মহোদয়কে ধন্যবাদ।
লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন, চুরি ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, নাশকতাসহ সকল ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এর সাথে জড়িত অপরাধীকে চিহ্নিত করার লক্ষ্যে উপজেলার বটতলী মোটর স্টেশনে উপজেলা পরিষদের পক্ষ থেকে ১২ লক্ষ টাকা ব্যায়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন সার্বক্ষণিক সিসি ক্যামেরা মনিটরিং করবে। ফলে অপরাধীদের চিহ্নিত করার পাশাপাশি জনসাধারণ ও ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবে।