টংকাবতীরকূল মহোৎসব উদযাপন পরিষদের সুবর্ণজয়ন্তী ১২ জানুয়ারি শুরু

পাঁচদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার টংকাবতীরকূল গ্রামের পল্লী প্রগতি সংঘের উদ্যোগে আসন্ন উত্তরায়ন সংক্রান্তিতে আয়োজিত মহোৎসব উদ্যাপন পরিষদের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী আগামী ১২ জানুয়ারী (শুক্রবার) হতে পাঁচদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে।

এই উপলক্ষে ৯ জানুয়ারি (মঙ্গলবার) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে টংকাবতীরকূল সর্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার দাশ সর্বজনীন মহতী ধর্মসম্মেলন, ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞসহ সুবর্ণজয়ন্তীর পাঁচদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ জানুয়ারি সকালে বেদমন্ত্র উচ্চারণের মধ্যদিয়ে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন হবে। এছাড়া বর্ণাঢ্য র‌্যালী, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, বাউলশিল্পী ভজনক্ষ্যাপার পরিবেশনায় থাকছে মনোজ্ঞ ধর্মীয় সংগীতানুষ্ঠান, বিশ্বশান্তি কামনায় অখণ্ড মহাধর্মীয় সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

অতিথি থাকবেন সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, চবি পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. জিনবোধি ভিক্ষু, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। রাতে লীলা কীর্তন পরিবেশন করবেন রাধারানী মন্ডল।

১৩ জানুয়ারি শিশুদের চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতা, শ্রীকৃষ্ণের লীলা কীর্তন, বিশ্ব ভ্রাতৃত্ব ও মানবতায় মহাধর্মীয় সম্মেলন। অনুষ্ঠানে আশীর্বাদক থাকবেন চট্টগ্রাম কৈবল্যধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য। প্রধান অতিথি থাকবেন চাক্তাই লোকনাথ ধামের প্রতিষ্ঠাতা সভাপতি অজয় কৃষ্ণ দাশ মজুমদার।

অতিথি থাকবেন চট্টগ্রাম মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আজম, কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহবুবুর রহমান চৌধুরী। রাতে মণিপুরি নৃত্যশিল্পী গোষ্ঠীর পরিবেশনায় শ্রীকৃষ্ণের রাস লীলা নৃত্য, মনোজ্ঞ ধর্মীয় ভজন সংগীতানুষ্ঠান। ভজন সংগীত পরিবেশন করবেন জি-বাংলা সারেগামাপা খ্যাতশিল্পী কৃত্তিকা চক্রবর্তী, শুভদাশ টিভি ও বেতার শিল্পী স্বস্তিকা দাশ প্রান্তি।

১৪ জানুয়ারি বিকালে মহানামযজ্ঞের শুভ অধিবাস। সন্ধ্যায় মরমি শিল্পী শিমুল শীলের ভজন র্কীর্তন, ধর্মসভা। ধর্মসভায় প্রধান অতিথি থাকবেন অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী। অতিথি থাকবেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, চবি ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য। রাতে নৃত্যশিল্পী গোষ্ঠি হেরিটেস অব হিলসের পরিবেশনায় আধিবাসী নৃত্য এবং প্রখ্যাত গীতিকার ও সুরকার নকুল কুমার বিশ্বাসের একক সংগীতানুষ্ঠান। আগামী ১৫ ও ১৬ জানুয়ারি বিশ্বশান্তি কামনায় ষোড়শপ্রহরব্যাপী অখণ্ড মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রভাস কুমার দাশ, লায়ন অশোক কুমার দাশ, মৃণাল কান্তি দাশ, অ্যাড. সুজন দাশ, উজ্জ্বল দাশ, পলাশ কান্তি নাথ রণী, পরাগ দাশ, সুমন চক্রবর্তী, অমিত দাশ, মানস দাশসহ টংকাবতীরকূল মহোৎসব উদযাপন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

Your email address will not be published.