ফটিকছড়িতে চলন্ত মোটরসাইকেলকে বেপরোয়াগতির বাসের ধাক্কা: নিহত ৩

গুরুতর আহত ১০ /১২ জন

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি

ফটিকছড়িতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত আরো ১০/১২ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশের ফেলাগাজী দীঘি চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী উত্তম উরাং ঘটনাস্থলে নিহত হয়েছেন। এছাড়াও অপর দুই আরোহী নয়ন উরাং ও তপু কর্মকার হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। তবে দুই জনের বাড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল এলাকায় হলেও একজনের পরিচয় নিম্চিত হওয়া যায়নি। নিহতরা সবাই পেশায় রাজমিস্ত্রি। সন্ধ্যায় কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল।

অন্যদিকে, যাত্রীবাহী বাসটি হিন্দু সম্প্রদায়ের বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে সকালে বোয়ালখালী থেকে মানিকছড়িতে গিয়েছিল। সন্ধ্যায় ফেরার পথে দূর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি উত্তর দিক থেকে বেপরোয়া গতিতে এসে চলন্ত মোটরসাইকেলকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চার আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে। এর মধ্যে উত্তম উরাং নামে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকি ৩ আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠালেও পথিমধ্যে দুই জন মারা যান। এসময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে গেলেও মোটর সাইকেলটি একেবারে দুমড়ে মুচড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার উপপরিদর্শক মাজহারুল ইসলাম জানান, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরো দুইজন নিহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.