লোহাগাড়ায় জামাল উদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

 

নিজস্ব প্রতিনিধি (লোহাগাড়া) চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় জামাল উদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির প্রধান দরজা ভেঙে ঘরে ঢুকে নগদটাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

সোমবার (১০ মার্চ) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি আব্দুল জলিল। এর আগে, রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মল্লিক সোবহান হাজীরপাড়া জামাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বিল্ডিংয়ের প্রধান দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে ঘরের আলমারি ও ড্রয়ার তছনছ করে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

২নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজিম উদ্দিন বলেন, জামাল উদ্দিনের বাড়িতে এমন ডাকাতির ঘটনা খুবই উদ্বেগজনক।

 

দ্রুত ডাকাতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি আব্দুল জলিল বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা করার জন্য বলা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.