পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় উপজেলা ভূমি অফিসে সরকারি কর্মচারী পরিচয়ে প্রতারণা ও দালালির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে । সে পৌরসভার ১ নং ওয়ার্ড কাজগীপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।
আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আটক মো. লিটন প্রকাশ রোকন উদ্দিন নিজেকে সরকারি কর্মচারী পরিচয় দিয়ে নামজারি ও জমাখারিজ করে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে আসছিলেন।
অভিযোগে বলা হয়, সোমবার (১৬ মার্চ)
তিনি ১৪টি নামজারি ও জমাখারিজ সংক্রান্ত কাজ নিয়ে এসিল্যান্ড অফিসে আসেন। এ সময় অফিসের নাজির ওয়াহিদুল্লাহ সিকদার তার পরিচয় জানতে চাইলে তিনি বিভিন্নভাবে বকাবকি করেন এবং কাজ না করলে তার বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের হুমকি প্রদান করেন।
পরে এক ভুক্তভোগী ফাহিমা সুলতানা এসিল্যান্ড অফিসে এসে জানান, লিটন প্রকাশ রোকন উদ্দিন নিজেকে অফিসের কর্মচারী পরিচয় দিয়ে তার কাছ থেকে নামজারি ও জমাখারিজের কাজ করে দেওয়ার কথা বলে নগদ ৭০ হাজার টাকা নিয়েছেন।
বিষয়টি জানার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে অবহিত করা হলে তার নির্দেশে অফিসের কর্মকর্তারা রোকনকে আটক করেন এবং পটিয়া থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় অফিসের নাজির ওয়াহিদুল্লাহ সিকদার বাদী হয়ে পটিয়া থানায় লিটন রোকন উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জাানান, ভূমি অফিসে প্রতারণা সংক্রান্ত থানায় একটি মামলা রেকর্ড হয়েছে। আটককৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা জানান, রোকন দালাল চক্রের অন্যতম মূলহোতা। দীর্ঘদিন ধরে ভূমি অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষকে হয়রানি করে আসছিল।