নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বান্দরবান শহরের মেঘলা এলাকায় পাহাড়ের নিচ থেকে নিখোঁজ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার একটি গহীন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মা রমেসিং মার্মা (৩০) এবং তার মেয়ের নাম বৃষ্টি মার্মা (৪)। তাদের বাড়ি মেঘলার কানা পাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত থেকে রমেসিং মার্মা ও তার মেয়ে বৃষ্টি মার্মাকে খোঁজে পাচ্ছিল না স্বজনরা। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকার উচু এক পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখে মা-মেয়েকে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। তবে ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন করে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে বলেন, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যু কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।