বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার ১ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। শনিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বাঁশখালী থানার অধীন পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফুটখালী ব্রিজ সংলগ্ন জান্নাত এগ্রো ফার্মের সামনে বাঁশখালী মেইন রোডে চেকপোস্ট পরিচালনার সময় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, চেকপোস্টে সন্দেহজনক গতিবিধির কারণে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এতে মোটরসাইকেলের সিটের নিচে কৌশলে লুকিয়ে রাখা ৪ হাজার ১ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার সদর ১০ নং ওয়ার্ডের বাজার ঘাটা, বড় বাজার, ইসলাম নিবাস এলাকার মৃত আলম মিস্ত্রির পুত্র জাহেদুল
ইসলাম (২৪) ও একই এলাকার ১২ নং ওয়ার্ডের কলাতলী চন্দ্রিমা মাঠ এলাকার ডাঃ বোরহান উদ্দিনের পুত্র মোঃ ইউনুছ (২৮) কে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।