৪ লেনে উন্নীত হচ্ছে প্রাণহানির স্পট সেই জাঙ্গালিয়া

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের-

সৈয়দ আককাস উদদীন, চট্টগ্রাম থেকে 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলাধীন চুনতি ইউনিয়নের দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত জাঙ্গালিয়া অংশের ৯০০ মিটার চার লেনে উন্নীতকরণে কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল থেকে চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ওই অংশটি চার লেনে উন্নীতকরণের কাজ শুরু করেছেন।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া ও লোহাগাড়া অংশ প্রশস্তকরণ কাজ ৩টি প্যাকেজে চলমান রয়েছে। প্রথম প্যাকেজটি সাতকানিয়া রাস্তার মাথা থেকে শুরু হয়ে লোহাগাড়ার রাজঘাটা এলাকা পর্যন্ত ৮ দশমিক ৪ কিলোমিটার। এটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা।

আরও জানা যায়, দ্বিতীয় প্যাকেজ লোহাগাড়ার রাজঘাটা এলাকা থেকে চুনতি মিঠার দোকান এলাকা পর্যন্ত ৭ কিলোমিটার। এটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি টাকা।

তৃতীয় প্যাকেজটি লোহাগাড়ার চুনতি মিঠার দোকান থেকে চুনতি জাঙ্গালিয়া এলাকা পর্যন্ত ৬ কিলোমিটার। এটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি টাকা।

মূলত তৃতীয় প্যাকেজটির আওতায় চুনতি জাঙ্গালিয়ার ৯০০ মিটার চার লেনে উন্নীত করা হচ্ছে। ওই অংশটি বর্তমানে ২২ ফিট রয়েছে। সেটির মাঝখানে ৪ ফিট ডিভাইডার এবং উভয় পাশে ২৪ ফিট করে সর্বমোট ৫২ ফুটে উন্নীত করা হবে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন, চুনতির জাঙ্গালিয়া অংশটির ৯০০ মিটার চার লেনে উন্নীতকরণের অংশ হিসেবে এক পাশের কাজ শুরু রয়েছে। দ্রুত সময়ের মধ্যে উভয় পাশের কাজ সম্পন্ন করার প্রস্তুতি নেয়া হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.