মধ্যপ্রাচ্যের দেশ ওমানের আল মিলিদ্দা আল মোছানা স্টেট অফ আল বাতিনাহ এলাকায় কারের এসির গ্যাস বিস্ফোরণ হয়ে রাঙ্গুনিয়ার চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১২ মে) বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ঘটনা ঘটে।
বুধবার (১৩ মে) সকালে কারের ভিতর থেকে লাশ উদ্ধার করেছে ওমান পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন।
ওমান প্রবাসী আবু তৈয়ব ও মাহমুদুর রশিদ মাসুদ জানান, বুধবার (১৩ মে) ছোট দুই ভাই শহীদ ও সিরাজ দেশে আসবে বলে বাজার করতে চার ভাই মিলে কারে করে বের হচ্ছিলো। এ সময় পার্কিংয়ে গাড়ি চালু অবস্থায় এসির গ্যাস বিস্ফোরণ হয়ে চার ভাই নিহত হন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না হওয়া পর্যন্ত পুলিশ নিশ্চিত করছে না মৃত্যুর কারণ।
নিহতদের বেঁচে থাকা একমাত্র ভাই মো. এনাম ও প্রতিবেশী মাওলানা ইদরিস জানান, মো. রাশেদ (৩৫) বিবাহিত, তার একছেলে ও একমেয়ে রয়েছে। মো. শাহেদ (৩২) বিবাহিত, মো. সিরাজ (২৭) ও মো. শহিদ (২৪) ছোট দুই ভাই দেশে এসে বিয়ে করবে বলে শপিং করতে মলে যাচ্ছিলেন। বুধবার রাতে তাদের ফ্লাইট ছিল।
নিহতরা উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকার বন্দেরাজার পাড়া এলাকার মৃত মো. জামাল উদ্দিনের ছেলে। একসাথে চার সহোদরের মৃত্যুর খবরে বড় দুজনের স্ত্রী, সন্তান ও মা বারবার মূর্ছা যাচ্ছেন।
সৈ/আ