মাইনউদ্দীন হাসান চৌধুরী খোকা
চট্টগ্রাম রেঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছেন লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাঈন উদ্দিন।
সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেওয়া হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা হিসেবে এসআই মাঈন উদ্দিনের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ মাসুদ আলম, বিপিএম-সহ রেঞ্জ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, লোহাগাড়া থানায় যোগদানের পর থেকেই এসআই মাঈন উদ্দিন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে এসআই মাঈন উদ্দিন বলেন, ”ভালো কাজের স্বীকৃতি নিঃসন্দেহে কাজের গতি ও অনুপ্রেরণাকে আরও বাড়িয়ে দেয়। এ অর্জনের পর আমার ওপর দায়িত্ব ও কর্তব্যবোধ আরও বেড়ে গেল। আমার এই সফলতার পেছনে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ স্যারের সার্বিক দিক-নির্দেশনা ও সহযোগিতা ছিল। শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এবং লোহাগাড়া থানার সকল সহকর্মীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।”
তিনি ভবিষ্যতে কর্মজীবনে সফলতার এই ধারা বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এদিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করছেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের এমন স্বীকৃতি ও সম্মাননা পুলিশ সদস্যদের পেশাগত কাজের প্রতি স্পৃহা, মনোবল এবং প্রেরণা বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখবে।