দণ্ডিত আসামিকে দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করে মুক্তিযোদ্ধাকে অসম্মান করেছে: কাদের
আনোয়ারা প্রতিনিধি
বিএনপি দুর্নীতি মামলার একজন দণ্ডিত আসামিকে দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধন, মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্শন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (০২ মার্চ) সকালে চট্টগ্রাম জেলার চট্টগ্রাম-বোয়ালখালী রুটে বিআরটিসির বাস সার্ভিস উদ্বোধন কালে এ মন্তব্য করেন।
তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। মহান মুক্তিযুদ্ধের মতো দেশের সর্বশ্রেষ্ঠ অর্জন “সুবর্ণ জয়ন্তী” একজন পলাতক আসামি দিয়ে উদ্বোধন করায় দেশবাসী বিস্মিত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন দলে অনেক সিনিয়র নেতা ও মুক্তিযোদ্ধা থাকতে টেমস নদীর পাড় থেকে অনুষ্ঠান উদ্বোধন স্বাধীনতার প্রতি বিএনপির কমিটমেন্ট নিয়েই জনগণ এখন প্রশ্ন তুলছে।
বিএনপি স্বাধীনতার ইতিহাসকে বিকৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ভুলুন্ঠিত করেছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি প্রশ্ন রেখে বলেন বিএনপি উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে কোন চেতনা বাস্তবায়ন করতে চায়?
বিএনপির মুখে স্বাধীনতার চেতনা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতই বলে মনে করেন ওবায়দুল কাদের।
বিএনপি নাকি দেশে গণতন্ত্র খুঁজে পায় না- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তারা যখন নির্বাচনে জিতে তখন এক কথা বলে,আর পরাজিত হলে বলে আরেক কথা।
তিনি আরও বলেন, জনগণ ভোট না দিলেও তাদেরকে জোর করে জিতিয়ে তবেই প্রমাণ করতে হবে দেশে গণতন্ত্র আছে? ওবায়দুল কাদের বলেন সন্ত্রাস নির্ভরতায় বিএনপির আন্দোলনে মানুষ এখন আর সাড়া দেয় না বরং মানুষ আতংকগ্রস্ত হয় তাদের আন্দোলনের কথা শুনলে।
বিএনপির ভোট কেন কমে গেছে-, এ প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন এর দায় নির্বাচন কমিশনের নয়। তারা তাদের ব্যর্থতার দায় অন্যদের উপর চাপাতে সবসময় সিদ্ধহস্ত।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন এসময় আরও বলেন, বিআরটিসি গাড়ী পরিচালনার পাশাপাশি দক্ষ চালক তৈরিতেও কাজ করছে। দেশে অনেক বেকার জনশক্তি রয়েছে। বিদেশে গাড়ী চালকের প্রচুর চাহিদা রয়েছে। অদক্ষ চালকের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা তৈরিতে বিআরটিসির ৩টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সম্প্রতি প্রশিক্ষণ কেন্দ্রগুলো শক্তিশালী ও আধুনিকায়নে প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
গাড়ী চালনায় নারীদেরও প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা দরকারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, নারীরা ঠাণ্ডা মাথায় গাড়ী চালায়, তাই দুঘর্টনার ঝুঁকি কম। সেজন্য গাড়ীতে নারী চালকের ওপর গুরুত্ব দিচ্ছি। বিদেশে উন্নত দেশগুলোতে নারী চালক রয়েছে, এমনকি প্রতিবেশি দেশ ভারতেও নারী চালকের সংখ্যা একেবারেই কম নয়। স্কুল বাস সার্ভিসে নারীদের শতভাগ সম্পৃক্ত করা যায়, সেই ব্যবস্থা করা দরকার।
মন্ত্রী বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্টের নির্দেশ দিয়ে বলেন চট্টগ্রামসহ পুরোদেশে বাস পরিচালনার জন্য নতুন রুট চিহৃিত করে রুট সম্প্রসারণ করতে হবে।
বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী এ অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আ.স.ম জামশেদ খন্দকার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন এমরান।
এতে অন্যান্যদের বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম. সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, চেয়ারম্যান জসিম উদ্দীন, আবদুল মান্নান মোনাফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, অধ্যক্ষ সমীর কান্তি দাশ, বিশ্বজিৎ বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম বাবুল, শফিউল আলম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর, উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোনাফ মহিন প্রমুখ।