কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, অর্থনৈতিক মন্দার প্রভাবে ইউরোপ, আমেরিকা ও সুইজারল্যান্ডের মতো দেশে অনেক ব্যাংক বন্ধ হয়ে গেছে। শ্রীলঙ্কা আগেই দেউলিয়া হয়ে গেছে। সেখানে বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো আছে। বাংলাদেশে একজন শেখ হাসিনা আছেন বলেই অনেকটা নিরাপদে বাংলাদেশ।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে সাতকানিয়া-লোহাগাড়ায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল ইসলাম আমিন বলেন, আওয়ামী লীগ জনমুখী রাজনৈনিক দল। দেশের যেকোন দুর্যোগ ও সংকটে সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছে। বর্তমানে বাংলাদেশে ৫০ লাখ পরিবার ওএমএসের মাধ্যমে খাদ্য সহায়তা, ১০ লাখ পরিবার ভিজিটি সুবিধা, এক লাখ পরিবার ন্যায্যমুল্যে নিত্যপণ্য ক্রয়ের সুবিধা পাচ্ছেন। এছাড়াও বঙ্গবন্ধু কন্যার নির্দেশনায় সারা দেশে আওয়ামী লীগের ইফতার পার্টির আয়োজনের অর্থ দিয়ে গরীব ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা করা হচ্ছে।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া ও সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাষ্টার ফোরক আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান মুজিব, মাষ্টার মো. মিয়া ফারুক, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, নাজিম উদ্দিন, আবচার আহমদ, নুরুল হক কন্ট্রাক্টর, সাতকানিয়া কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু, সাধারণ সম্পাদক নুর হোসাইন, লোহাগাড়া কৃষক লীগের সভাপতি আলী আহমদ ও ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এস.এম আজিজ প্রমুখ।
উল্লেখ্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে সাতকানিয়া- লোহাগাড়ার ৬ হাজার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।