নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব সদস্য হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তি আবুল কাশেম (৪৩)। তিনি স্থানীয়ভাবে ‘নলা কাশেম’ নামে পরিচিত। তিনি র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামি।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামি ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, অস্ত্র ও ডাকাতিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।
অভিযানের সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।