কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পে সাত রোহিঙ্গা অনুপ্রবেশ করেছেন বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার (২৪ মে) রাত পৌনে ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ১৬-এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম।
তিনি জানান, রোববার দুপুর দেড়টার দিকে মিয়ানমার জেল থেকে ছাড়া পেয়ে সাত রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন। তারা হলেন— আজিজুল হক (৪৪), শাহ্ আলম (৫৫), হোসেন আহমেদ (৬০) নুর সালাম (৪৭) আবুল হোসেন (৫০ মুদ্দাছার (২১) সালমান (২১)।
এসপি তারিকুল বলেন, মিয়ানমার থেকে পালিয়ে নতুন আরও সাত রোহিঙ্গা নাগরিক টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে এসেছে— এমন সংবাদের ভিত্তিতে ক্যাম্পে যায় পুলিশ।পরে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প সংলগ্ন টিডিএস হাসপাতালের পাশে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। ওই সাত রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা মিয়ানমারের জেল থেকে ছাড়া পেয়ে দালালের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে টেকনাফ ক্যাম্পে স্বজনদের কাছে পালিয়ে এসেছেন।
তিনি বলেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন প্রদেশে সহিংসতা চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়। চার বছর কারাভোগ শেষে কিছুদিন আগে তারা মুক্ত হন। মিয়ানমারের সীমান্ত এলাকার কক্সবাজারের হ্নীলা ইউনিয়নের উনচিপ্রাং গ্রামের ভেতর দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন তারা। পরে তারা নয়াপাড়া ক্যাম্পে তাদের স্বজনদের কাছে আসেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এসপি তারিকুল আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ওই সাত রোহিঙ্গাকে আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার টেকনাফে শালবন রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করা তিন রোহিঙ্গাকে হেফাজতে নেয় পুলিশ।