নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় কানাডা প্রবাসী মো. নাছেরের পরিবারের ওপর হামলা, বাসভবনে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ২৭ জুলাই সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের পশ্চিম মাটিয়াডাঙ্গার বাসিন্দা নাছেরের চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার বাসভবনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।
অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় নাছেরের স্ত্রী উম্মে সালমা, তাঁর দুই ছেলে আবদুর রহমান ও সাইফুর রহমানসহ বাড়িতে থাকা কয়েকজন হামলার শিকার হন। এ সময় নাছেরের ভাগনি সুমাইয়া, অতিথি তানভীর আলম ও মোহাম্মদ আহছান এবং তাঁর স্ত্রীর সেজ বোন তৌহিদা বেগমের দুই ছেলে রাফি ও রাহাত এবং মেয়ে জান্নাতও আহত হন বলে দাবি করেছেন উম্মে সালমা।
পরিবারের অভিযোগ, হামলাকারীরা বাসায় ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা উম্মে সালমার কাছে বিপুল পরিমাণ অর্থ দাবি করে এবং নাছের দেশে ফিরলে তাঁকে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করেছেন তিনি।
উম্মে সালমার দাবি, নাছেরের সঙ্গে স্বর্ণা মালেকা পাখির সম্পর্ক বিচ্ছেদের বিষয়কে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, পাখির নির্দেশে লোকজন এ হামলা চালিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে স্বর্ণা মালেকা পাখির বক্তব্য পাওয়া যায়নি। সাংবাদিকরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন কেটে দেন।
উম্মে সালমা আরও অভিযোগ করেন, ঘটনার পর নিরাপত্তাহীনতায় তাঁদের পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। আইনগত সহায়তা নিতে গেলে পুলিশের কাছ থেকেও তাঁরা দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।
এ ছাড়া নাছেরের ছোট ভাই মোহাম্মদ বোরহান যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মাধ্যমে পুলিশ দিয়ে হয়রানির হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন উম্মে সালমা। তবে এ ব্যাপারে ডবলমুরিং থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়টি অস্বীকার করেন ।
পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, চলতি বছরের ২৪ জানুয়ারিও নাছেরের আগ্রাবাদের বাস-ভবনে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায়ও স্বর্ণা মালেকা পাখির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। এবং স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় নাছেরে গ্রামের বাড়িতে তার বৃদ্ধ মাকেও হুমকি দেয় বলে পরিবারটির দাবি।
হামলায় আহত ব্যক্তিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন উম্মে সালমা।
এদিকে, আগ্রাবাদের বাসভবনে ভাঙচুর ও লুটপাটের কয়েকটি ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র এই প্রতিবেদকের হাতে এসেছে বলে জানা গেছে।