দেড় বছর পালিয়ে থাকার পরেও শেষ রক্ষা হলো না

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের কর্ণফুলীতে মুক্তিপণের দাবিতে রায়হানুল ইসলাম চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় দেড় বছরের বেশি সময় পালিয়ে থাকার পর অবশেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে(পিবিআই)র হাতে গ্রেপ্তার হয়েছেন পলাতক অন্যতম আসামি আব্দুর রহমান (২৫)।

 

গত শুক্রবার কর্ণফুলী থানার আওতাধীন মৌলভীবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পিবিআই।

 

পিবিআই পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, আত্মগোপনে থাকাকালীন আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

 

তিনি জানান, ২০২০ সালের ১৫ জানুয়ারি ১৫ লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে রায়হানুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলায় মোট আটজনকে আসামি করা হয়েছে। এর আগে এ মামলায় কর্ণফুলী থানা পুলিশ পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। দুজনের সঠিক পরিচয় না পাওয়ায় আদালত তাঁদের অভিযোগপত্র থেকে অব্যাহতি দেন। আব্দুর রহমান নামে আরেক আসামি ঘটনার পরই পালিয়ে থাকে।

 

উল্লেখ্য, গত ৪ই সেপ্টেম্বর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। পিবিআই মামলাটির তদন্তের দায়িত্ব নেওয়ার পরই পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.